সাতক্ষীরায় এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রীর মামলা
সাতক্ষীরার আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারসহ তার পরিবারের পাঁচজনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগী স্ত্রী মুক্তি সরকার (৩৫) বাদী হয়ে বুধবার (৪ মার্চ) আশাশুনি থানায় মামলাটি করেন।
ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- ফাগুনী সুমি কাসারি (২৫), বিজয় কুমার জোয়ার্দারের মা উষা রাণী জোয়ার্দার (৬৫), বাবা পরিমল কুমার জোয়ার্দার (৭০) ও ভাই পরিতোষ কুমার জোয়ার্দার (৩২)।
মামলার আরজিতে বাদী উল্লেখ করা করেন, ২০১৬ সালে আদালতের মাধ্যমে এবং পরবর্তীতে ২০২২ সালে পারিবারিকভাবে হিন্দু রীতিনীতি অনুযায়ী বিজয় কুমার জোয়ার্দারের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই বিজয়ের আবদার অনুযায়ী বিভিন্ন আসবাবপত্র ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৬ লাখ টাকার উপহার মুক্তির পরিবার প্রদান করে। তবে, সম্প্রতি নিজ গ্রামে ঘরবাড়ি নির্মাণের জন্য বিজয়ের পক্ষ থেকে নতুন করে আরও ৫০ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। এই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মুক্তির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়।
মুক্তি সরকার আরও অভিযোগ করেন, অতীতে তার অনিচ্ছা সত্ত্বেও তাকে গর্ভপাতে বাধ্য করা হয়েছিল। এ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় তিনি চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে যান। ভারত থেকে ফিরে ২৩ ফেব্রুয়ারি আশাশুনি এসিল্যান্ডের সরকারি বাসভবনে অবস্থানকালে আবারও যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হন। ২৪ ফেব্রুয়ারি সকালে তাকে বেধড়ক মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এছাড়াও, মামলার এজাহারে উল্লেখিত ২নং আসামি ফাগুনী সুমি কাসারির সঙ্গে বিজয় কুমার জোয়ার্দারের বিবাহবহির্ভূত সম্পর্ক ও দ্বিতীয় বিয়ের বিষয়েও অভিযোগ আনা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-০৩) এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছেন।
এ ব্যাপারে অভিযোগের সত্যতা জানতে আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: