• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

আশুলিয়ায় ভূমিদস্যু-চাঁদাবাজদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৯, ৫ মার্চ ২০২৬

আপডেট: ১৪:১৬, ৫ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
আশুলিয়ায় ভূমিদস্যু-চাঁদাবাজদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

সাভারের আশুলিয়া এলাকায় ভূমিদস্যু-চাঁদাবাজদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য (এমপি) ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। একাধিক অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে তিনি নিজেই পুলিশ নিয়ে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

জানা যায়, স্থানীয় এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আশুলিয়ার কাঠগড়া এলাকার দূর্গাপুর, আলতাফ নগরসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় আলতাফ নগর এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির মালিকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে রুবেল মণ্ডল ও বাবুল হোসেন নামের দুই চাঁদাবাজকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এদিকে, অভিযানের খবর পেয়ে এলাকায় থাকা মাদক ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, স্থানীয় সংসদ সদস্যের নির্বাচনী ইশতেহারের ১০০ দিনের কর্মসূচির অংশ হিসেবে এলাকায় চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান শুরু করা হয়েছে।

সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, চাঁদাবাজদের কোনো দল নেই। সে যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সাধারণ মানুষের ওপর কোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানি বরদাস্ত করা হবে না এবং এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এলাকার বাসিন্দারা যে কোনো সমস্যায় তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন। তিনি সকল সভা-সমাবেশে তার মোবাইল ফোন নম্বর প্রদান করছেন এবং ফোন কল রিসিভ করে জনগণের সঙ্গে কথা বলছেন।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার জানান, আটক দুই চাঁদাবাজের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত