• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

রূপগঞ্জের চাক সেমাইয়ের কদর এখন দেশজুড়ে

খলিল সিকদার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৪৫, ১০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
রূপগঞ্জের চাক সেমাইয়ের কদর এখন দেশজুড়ে

ঈদ এলেই ঘরে ঘরে সেমাইয়ের আয়োজন দেখা যায়। এর মধ্যে রূপগঞ্জের ঐতিহ্যবাহী চাক সেমাইয়ের রয়েছে বিশেষ স্বাদ। তাই ঈদকে সামনে রেখে এবারও জমে উঠেছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চাক সেমাই পল্লী। দিনরাত পরিশ্রম করে কারিগররা তৈরি করছেন সুস্বাদু এই সেমাই। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে এখন তা দেশের বিভিন্ন জেলাতেও পাঠানো হচ্ছে।

রূপগঞ্জ উপজেলার ভোলাবো, কাঞ্চন, দাউদপুর, রূপগঞ্জ ও চারিতাল্লুকসহ কয়েকটি গ্রামে প্রায় তিন শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে চাক সেমাই তৈরির সঙ্গে জড়িত। বছরের অন্য সময় কাজ কিছুটা কম থাকলেও ঈদ এলেই বাড়ে কর্মচাঞ্চল্য। পরিবার-পরিজন একসঙ্গে কাজ করে বাড়তি আয় করছেন অনেকেই।

চাক সেমাই তৈরির প্রক্রিয়াটি বেশ শ্রমসাধ্য। প্রথমে পানি দিয়ে ময়দার খামির তৈরি করা হয়। এরপর সেই খামির বিশেষ মেশিনে ঢুকিয়ে চাপ দিয়ে বের করা হয় চিকন সুতার মতো সেমাই। পরে ধাতব পাত্রে রেখে ছুরি দিয়ে চতুর্ভুজ আকৃতির নকশা তৈরি করা হয়। এরপর রোদে শুকিয়ে তান্দুরিতে দিয়ে লালচে রঙ হলে বিক্রির জন্য প্রস্তুত হয়।

কারিগরদের দাবি, এই চাক সেমাই তৈরিতে কোনো ক্ষতিকর রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ স্বাস্থ্যসম্মতভাবে তৈরি হওয়ায় এর চাহিদা জেলার সীমানা পেরিয়ে রাজধানীসহ গাজীপুর, নরসিংদী ও মুন্সীগঞ্জের বাজারেও পৌঁছে গেছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, এই চাক সেমাই শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রয়োজন। ঐতিহ্য ও অনন্য স্বাদের রূপগঞ্জের চাক সেমাই যদি সঠিক সহায়তা পায়, তবে তা কেবল স্থানীয় অর্থনীতিতেই নয়, দেশজুড়েও একটি স্বীকৃত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত