• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

রাজধানীতে ভ্যান উল্টে ট্রাকচাপায় প্রাণ গেলো ২ ব্যবসায়ীর

প্রকাশিত: ১১:৫২, ১০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
রাজধানীতে ভ্যান উল্টে ট্রাকচাপায় প্রাণ গেলো ২ ব্যবসায়ীর

রাজধানীর মতিঝিল এলাকায় বঙ্গভবনের পাশে একটি সড়কে ট্রাকের ধাক্কায় মুরগি বহনকারী একটি ভ্যান উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।  মঙ্গলবার (১০ মার্চ) ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এরা হলেন- রিপন (৫০) ও সুলতান (৪০)।

ভ্যানচালক মো. শাহীন আলম গণমাধ্যমকে জানান, তিনি গুলিস্তানের কাপ্তানবাজারের মুরগি বাজারে ভ্যান চালান। প্রতি রাতে তিনি ওই বাজার থেকে মুরগি কিনে রিপন ও সুলতানের কাছে পৌঁছে দেন। শান্তিনগরে তাদের মুরগির দোকান রয়েছে। রাতের ওই সময় তারা কাপ্তানবাজার থেকে মুরগি কিনে শান্তিনগরের উদ্দেশে রওনা দেন। বঙ্গভবনের সামনে পৌঁছালে তারা গাড়িটি ইউ-টার্ন নেওয়ার চেষ্টা করেন। তখন পিছন থেকে একটি ট্রাক তাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়িটি উল্টে গেলে দুইজন ছিটকে রাস্তায় পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। স্থানীয়রা খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন, তবে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক দুই ব্যবসায়ী মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ দুটি মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত