• NEWS PORTAL

  • বুধবার, ২৫ মার্চ ২০২৬

অগ্নিকাণ্ডে ভস্ম ৫ দোকান: সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্ক, আহত ৫

মুহাম্মদ আল আমিন, সোনারগাঁও

প্রকাশিত: ০৯:৫৭, ২৫ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
অগ্নিকাণ্ডে ভস্ম ৫ দোকান: সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্ক, আহত ৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নোয়াগাঁও বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত, বুধবার (২৫ মার্চ) সাড়ে ১২টার দিকে ঘটেছে এই দুর্ঘটনা। আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াগাঁও বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে লেলিহান আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিটি দোকানে ৪-৫টি করে গ্যাস সিলিন্ডার মজুত থাকায় তা একে একে বিস্ফোরিত হতে থাকে। সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুনের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করে এবং দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে।

স্থানীয় ব্যবসায়ী মোতালেব মিয়া, নাসির উদ্দিন ও আলী হোসেন জানান, তারা রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে গিয়েছিলেন। গভীর রাতে আগুনের খবর পেয়ে বাজারে এসে দেখেন, তাদের স্বপ্ন ও দোকানগুলো পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দোকানগুলোর আসবাবপত্র ও মালামালসহ বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত মালিকরা।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে দোকানগুলোতে থাকা গ্যাস সিলিন্ডার আগুনের ভয়াবহতা বহুগুণ বৃদ্ধি করেছে।

অগ্নি নিয়ন্ত্রণে কাজ করার সময় আহত পাঁচজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকায় তদন্ত শুরু করেছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: