• NEWS PORTAL

  • বুধবার, ২৫ মার্চ ২০২৬

রাজধানীর যানজট কমাতে যেসব সিদ্ধান্ত নিলো সরকার

প্রকাশিত: ২২:৫২, ২৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
রাজধানীর যানজট কমাতে যেসব সিদ্ধান্ত নিলো সরকার

রাজধানী ঢাকার যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকের বরাত দিয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঢাকার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ও কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা গেলে আগামী এপ্রিলের শেষ নাগাদ রাজধানীর যানজট অনেকটাই কমে আসবে। আর মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়িত হলে ট্রাফিক ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন ঘটবে।

বৈঠকের মূল সিদ্ধান্তসমূহ

১. ঢাকার প্রায় ১২০টি ট্রাফিক সিগন্যাল দেশীয় প্রযুক্তিতে অটোমেশন করা হবে।
২. শহরের চারপাশে নতুন বাইপাস সড়ক নির্মাণ এবং ভেতরে ওভারপাস ও আন্ডারপাস তৈরি করা হবে।
৩. যত্রতত্র থাকা বাস কাউন্টার সরিয়ে শহরের বাইরে পাঁচটি আন্তঃজেলা বাস টার্মিনাল স্থাপন করা হবে; এগুলো সিটি সার্ভিসে ব্যবহার করা হবে।
৪. রাস্তার দুই পাশ দখলমুক্ত করা হবে এবং মাঝখানের বিদ্যুতের খুঁটি অপসারণ করা হবে।
৫. লেভেল ক্রসিংগুলোতে ম্যানুয়াল ব্যবস্থার পাশাপাশি অটোমেটিক সিগন্যাল লাইটিং চালু করা হবে।
৬. সিটি বাসগুলোকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ব্যবস্থার আওতায় আনা হবে।
৭. অধিকাংশ ফুটওভারব্রিজে চলন্ত সিঁড়ি স্থাপন এবং হাসপাতাল এলাকায় দেশীয় প্রযুক্তিতে লিফট বসানো হবে।

ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকরা জানিয়েছেন, নির্ধারিত সময়সীমার মধ্যে ধাপে ধাপে এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দৃশ্যমান পরিবর্তন আনার চেষ্টা করা হবে। এ ক্ষেত্রে তাৎক্ষণিক ও সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তারা।

পরিকল্পনা বাস্তবায়নে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন শ্রমিক নেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস।

সচিবালয়ের এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু, বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: