• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

চোখ রাঙাচ্ছে হাম: শরীয়তপুরে ৯ দিনে তিন শিশুর মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩১, ৩১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
চোখ রাঙাচ্ছে হাম: শরীয়তপুরে ৯ দিনে তিন শিশুর মৃত্যু

শরীয়তপুরে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। সর্বশেষ, জাজিরা উপজেলা থেকে ঢাকায় পাঠানো ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া মালিহা জাজিরা উপজেলার নগর মাদবরকান্দি গ্রামের মনির হোসেনের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের সিভিল সার্জন রেহান উদ্দিন। তিনি জানান, গত ৯ দিনে জেলায় হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রোববার অসুস্থ হয়ে পড়লে মালিহাকে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তার শরীরে হামের লক্ষণ শনাক্ত করেন এবং নমুনা সংগ্রহ করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

এদিকে, সোমবার সকালে হামের লক্ষণ নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন দুই তরুণ। তারা হলেন ইমন মুন্সী (১৯) ও শাহীন কাজী (১৮)। তাদের হাসপাতালের তৃতীয় তলার একটি পৃথক কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্র জানায়, রোগীদের শরীরে জ্বর ও র‍্যাশ দেখা যাওয়ায় হামের আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর একটি প্রতিনিধিদল তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় নিয়ে গেছে।

গত দুই সপ্তাহে শরীয়তপুর থেকে হামের লক্ষণ নিয়ে ২৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে তিন শিশুর মৃত্যু হয়েছে, যারা ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মিতু আক্তার জানান, রোগীদের আলাদা কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সিভিল সার্জন রেহান উদ্দিন বলেন, “আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছি। হামের লক্ষণ দেখা গেলেই দ্রুত নমুনা সংগ্রহ ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।”

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত