অ্যাপভিত্তিক তেল বিক্রির প্রথম দিনেই অনিয়ম!
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করতে অ্যাপভিত্তিক নতুন কার্যক্রম চালু করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) থেকে জেলার সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় একযোগে কার্যক্রম শুরু হয়। তবে প্রথম দিনেই নিয়মভঙ্গের কারণে ২ জন গ্রাহক শাস্তির মুখে পড়েছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন ব্যবস্থায় তেল নিতে হলে মোটরসাইকেল চালকদের ডিজিটাল নম্বরপ্লেট, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। অ্যাপের মাধ্যমে এসব তথ্য যাচাই করে তেল সরবরাহ করা হচ্ছে এবং প্রতিটি লেনদেনের তথ্য কেন্দ্রীয় ডাটাবেজে সংরক্ষণ করা হচ্ছে।
নির্দেশনা অনুযায়ী, একবারে সর্বোচ্চ ৫০০ টাকার তেল নেওয়া যাবে। এছাড়া একবার তেল নেওয়ার পর পরবর্তী ৫ দিনের মধ্যে অন্য কোনো পাম্প থেকে তেল নেওয়া যাবে না। নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট মোটরসাইকেল অ্যাপে ব্লক করার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাঠপর্যায়ে দেখা গেছে, নিবন্ধিত অ্যাপ ব্যবহারকারীরা তুলনামূলক দ্রুত সেবা পাচ্ছেন।
শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় দ্বিতীয়বার তেল নিতে গিয়ে ২ জন গ্রাহক ধরা পড়েন। এর মধ্যে একজনকে ২০০ টাকা জরিমানা ও ২০ দিনের জন্য অ্যাপ ব্লক করা হয়েছে। অপরজনকেও ২০ দিনের জন্য অ্যাপ ব্লক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ।
তিনি জানান, ডিজিটাল পদ্ধতির মাধ্যমে জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি অনিয়ম ও কালোবাজারি রোধে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: