• NEWS PORTAL

  • বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

কুড়িগ্রামে ট্রাফিক পুলিশের অভিযান

১০ দিনে ৫০১ মামলা, জরিমানা আদায় প্রায় সাড়ে ১৭ লাখ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৫, ৮ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
১০ দিনে ৫০১ মামলা, জরিমানা আদায় প্রায় সাড়ে ১৭ লাখ

কুড়িগ্রামে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জেলা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে গত ১০ দিনে ৫০১টি মামলা করা হয়েছে। এসব মামলায় ১৭ লাখ ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সময়ে প্রয়োজনীয় কাগজপত্র ও নিবন্ধনসংক্রান্ত ত্রুটির কারণে ১৫০টি মোটরসাইকেল আটক করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) জেলা ট্রাফিক বিভাগের পরিদর্শক (সড়ক ও যানবাহন) মঞ্জুর হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ২৯ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় লাইসেন্স ছাড়া যান চালানো, হেলমেট ব্যবহার না করা, অতিরিক্ত গতি, মোটরসাইকেলে তিন আরোহী বহন, প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি এবং অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মামলা করা হয়।

মামলাগুলোর মধ্যে ৪১৭টি মামলা নিষ্পত্তি করে ১৩ লাখ ৫৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। বাকি মামলার কার্যক্রম এখনও চলমান রয়েছে। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না রাখা এবং বিআরটিএর নিবন্ধন নম্বর না থাকায় ১৫০টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

জেলা ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানান, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং দুর্ঘটনা কমানোর জন্য এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। বিশেষ করে বৈধ ড্রাইভিং লাইসেন্স, মোটরযানের নিবন্ধন ও সেফটি হেলমেট নিশ্চিত করতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: