• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

তিন অবৈধ ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৬, ৯ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
তিন অবৈধ ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পরিবেশ আইন অমান্য করে পরিচালিত তিনটি অবৈধ ইটভাটাকে মোট ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একইসঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকর ওই তিন ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই আদেশ দেওয়া হয়। গাইবান্ধা জেলা প্রশাসনের সহকারী কমিশনার রোমেন পাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মেসার্স বি এম কে-২ ব্রিকস ৫ লাখ টাকা, মেসার্স এ আর বি ব্রিকস ৪ লাখ টাকা ও মেসার্স সেভেন স্টার ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয় এবং ওই ইটভাটাগুলিকে ইট পোড়ানো কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শের আলম।

অভিযানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসনের সহকারী কমিশনার রোমেন পাল, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক উত্তম কুমারসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র‌্যাব সদস্যরাও সহযোগিতা করেছেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল বলেন, অবৈধ ইটভাটার কারণে এলাকায় বায়ুদূষণ বৃদ্ধি পাচ্ছে এবং কৃষিজমি ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত