সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার খোঁজ নিতে গিয়ে মারধরের শিকার নারী
চাঁপাইনবাবগঞ্জে জেলা সদর হাসপাতালে ছেলের ডেঙ্গু পরীক্ষার তথ্য জানতে গিয়ে মারধরের শিকার হয়েছেন এক নারী। এ ঘটনায় আহত কানিজা আফরোজ (৪০) নামের ওই নারীর মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। আহত কানিজা পৌর এলাকার বালুবাগান মহল্লার বাসিন্দা।
কানিজা আফরোজ বলেন, তার ছেলে ডেঙ্গুতে আক্রান্ত। শরীরে ১০৪ ডিগ্রি জ্বর থাকায় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার তথ্য জানতে তিনি হাসপাতালে যান। বহির্বিভাগে গিয়ে সিবিসি পরীক্ষা করা হয় কি না জানতে চাইলে কয়েকজন ব্যক্তি তাকে ও তার ছেলেকে গালাগাল করেন। একই সঙ্গে তারা বেসরকারি ক্লিনিকে গিয়ে পরীক্ষা করানোর জন্য চাপ দেন।
কিন্তু বাইরে পরীক্ষা করাতে রাজি না হওয়ায় একপর্যায়ে প্লাস্টিকের পাইপ ও রড দিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন কানিজা। তিনি বলেন, “আমরা চিৎকার করলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি।”
কানিজার দাবি, হাসপাতালটিতে কথিত দালালদের দৌরাত্ম্য রয়েছে। রোগী ও স্বজনদের বিভিন্নভাবে প্রভাবিত করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার চেষ্টা করা হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান বলেন, হাসপাতালের কোনো কর্মচারী ঘটনাস্থলে না থাকায় এবং কেউ এগিয়ে না আসায় এ ঘটনা ঘটেছে। দায়ীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসেন বলেন, “আমাদের কাছে এমন কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”
বিভি/পিএইচ













মন্তব্য করুন: