• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ধানমন্ডির দুই মাঠে নতুন ক্রীড়া সুবিধা, সমঝোতা স্মারক সই

প্রকাশিত: ১৫:৩৩, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ধানমন্ডির দুই মাঠে নতুন ক্রীড়া সুবিধা, সমঝোতা স্মারক সই

রাজধানীর ধানমন্ডি ক্রিকেট মাঠ (আবাহনী মাঠ) ও ধানমন্ডি মাঠ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মাঠ দুটির বিদ্যমান অবকাঠামো সংরক্ষণের পাশাপাশি সেখানে ফুটসাল, আর্চারি, শুটিং, প্যাডেল ও ফাইভ-এ-সাইড হকির মতো ক্রীড়া সুবিধা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।

অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় খেলার মাঠের সংকট রয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের মালিকানাধীন মাঠগুলো আরও কার্যকরভাবে ব্যবহারের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

তিনি বলেন, মাঠগুলো মাল্টিপারপাস স্পোর্টস কমপ্লেক্স হিসেবে গড়ে তোলা গেলে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়বে। ধানমন্ডির দুই মাঠের পর গণপূর্তের আওতাধীন আরও মাঠ নিয়ে পর্যায়ক্রমে কাজ করা হবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, মাঠ দুটির বিদ্যমান পরিবেশ ও অবকাঠামো কাজে লাগিয়ে ক্রীড়া চর্চার সুযোগ বাড়ানো হবে। আবাহনী মাঠের বিদ্যমান অবকাঠামো ভেঙে না ফেলে প্রয়োজন অনুযায়ী সংস্কার ও উন্নয়ন করা হবে।

তিনি বলেন, ধানমন্ডি মাঠে আর্চারি, শুটিং, ফুটসাল, প্যাডেল ও ফাইভ-এ-সাইড হকির সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। মাঠ দুটির উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মডেল বিবেচনা করা হচ্ছে।

অনুষ্ঠানে জানানো হয়, তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুযোগ বাড়াতে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে ১০টি ইভেন্টে দল গঠনের পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচিতে ইতোমধ্যে প্রায় ১৫ লাখ অনলাইন নিবন্ধন হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: