অডিও ফাঁসের পর ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ক্লোজড
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার করে সদরদফতরে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল হাসানকে সদরদপ্তরের প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে। আদেশটি জারির দিন থেকেই কার্যকর হবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল হাসানের কথোপকথন শোনা যায় বলে দাবি করা হচ্ছে।
ওই অডিওতে তাকে বলতে শোনা যায়, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কোনো সমস্যা হবে না। এ ছাড়া ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে ফেরা উচিত বলেও কথোপকথনে উল্লেখ রয়েছে। অডিওতে পুলিশের সক্ষমতা নিয়েও মন্তব্য শোনা যায়।
গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমে অডিওটি ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনার মধ্যে বৃহস্পতিবার ডিএমপির পক্ষ থেকে ওসি রাকিবুল হাসানকে প্রত্যাহারের আদেশ দেওয়া হলো।
বিভি/টিটি













মন্তব্য করুন: