স্লিপার বাস উল্টে আহত ২৫, কাঁচ ভেঙে যাত্রীদের উদ্ধার
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রয়েল কোচের একটি স্লিপার বাস উল্টে অন্তত ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার সময় বাসটির অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। বাস উল্টে যাওয়ার পর নারী ও শিশুসহ বেশ কয়েকজন যাত্রী ভেতরে আটকা পড়েন। পরে স্থানীয়রা ছুটে এসে বাসের কাচ ভেঙে একে একে তাদের উদ্ধার করেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বেকিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে বেকিনগর এলাকায় হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তারা দেখেন, রয়েল কোচের স্লিপার বাসটি মহাসড়কের পাশে উল্টে পড়ে আছে। বাসের ভেতর থেকে আহত যাত্রীদের কান্না ও চিৎকার শোনা যাচ্ছিল। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন।
দুর্ঘটনার পরপরই মহাসড়কের পাশে মানুষের ভিড় জমে যায়। স্থানীয়রা বাসের ভেতর থেকে নারী ও শিশুসহ আহত যাত্রীদের বের করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
জানা যায়, দুর্ঘটনার সময় বাসটির অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বাসটি উল্টে যাওয়ায় তারা নিজেদের সামলে ওঠার সুযোগ পাননি। এতে একে অপরের ওপর পড়ে গিয়ে অনেকেই আহত হন। বাসের ভেতরে কয়েকজন আটকা পড়ায় উদ্ধারকাজও কঠিন হয়ে পড়ে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমরা এখানে মাছ ধরতে এসেছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। পরে গিয়ে দেখি বাস উল্টে আছে। একটি ছোট বাচ্চাকে বাস থেকে বের করে আনা হচ্ছে। পরে দেখি, আরেকজন মহিলার হাত উল্টে গেছে। অনেক মানুষ আহত হয়েছে। আমার মনে হয়, আল্লাহ তাদের বাঁচিয়েছেন।’
এক যাত্রী দুর্ঘটনার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ‘আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। গাড়িটি হঠাৎ করে উল্টে যায়। ভেতরে আমরা একজন আরেকজনের গায়ের ওপর পড়ে যাই।’
তিনি বলেন, ‘গাড়ির চালক স্টিয়ারিংয়ের কাছে মাথা নিচের দিকে করে আহত অবস্থায় পড়ে ছিলেন। তখনও গাড়ির ইঞ্জিন বন্ধ হয়নি, চালু ছিল। সুপারভাইজার গাড়ির কাচ ভাঙার চেষ্টা করেন। পরে এলাকার মানুষ এসে কাচ ভেঙে একে একে সবাইকে উদ্ধার করেন।’
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ প্রেমদাস রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়িটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: