• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বারিধারায় দুর্ঘটনায় নির্মাণশ্রমিকের মৃত্যু, ৯ লাখ টাকা ক্ষতিপূরণে মীমাংসা

প্রকাশিত: ১৫:০০, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৫:০০, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বারিধারায় দুর্ঘটনায় নির্মাণশ্রমিকের মৃত্যু, ৯ লাখ টাকা ক্ষতিপূরণে মীমাংসা

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমের মৃত্যুর ঘটনায় করা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার কিশোর আজান আলী শরীফ জামিন আবেদন করেছে। এছাড়াও, স্থানীয়ভাবে আপস-মীমাংসার মাধ্যমে কিশোরের পরিবারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পক্ষকে নগদ ৯ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তার পক্ষে অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন জামিনের আবেদন করেন। এ বিষয়ে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদিরের আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

জামিন আবেদনে বলা হয়, আজান আলী শরীফ গাড়িতে চালকের পাশের আসনে বসা ছিল। নিহত মেহেদী একজন শ্রবণ ও বাকপ্রতিবন্ধী ছিলেন। আবেদনের দাবি, হর্ন বাজানো হলেও তিনি দ্রুত সরে যেতে না পারায় অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনাটি ঘটে।

আবেদনে আরও বলা হয়, স্থানীয়ভাবে আপস-মীমাংসার মাধ্যমে কিশোরের পরিবারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পক্ষকে নগদ ৯ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

এর আগে ওই কিশোরকে আদালতে হাজির করে তাকে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফীন ইসলাম।

আবেদনে বলা হয়, মামলাটি তদন্তের সময় ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ঘটনার পরপরই প্রাইভেট কারের ডান পাশের চালকের আসনের দরজা খুলে আজান আলী শরীফকে বের হতে দেখা যায়। তদন্তে আজান আলী শরীফের সংশ্লিষ্টতার বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া যাচ্ছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আটক রাখা প্রয়োজন বলে উল্লেখ করে তদন্ত কর্মকর্তা আদালতের কাছে আবেদন করেন।

এদিকে মেহেদীর মৃত্যুর ঘটনায় তার বড় ভাই মোক্তাদীর ইসলাম বাদী হয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। মামলায় প্রাইভেট কারটির চালক হিসেবে আকাশ মারক (৪৪) নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, আসামি আকাশ মারক বেপরোয়া গতিতে প্রাইভেট কার চালিয়ে মেহেদীকে গাড়িচাপা দিয়ে গুরুতর আহত করেন। পরে তার মৃত্যু হয়।

তবে মামলার অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত