কুমিল্লায় রাতভর পুলিশের বিশেষ অভিযান, ৬২৪ বখাটে আটক
ছবি: ফাইল ফটো
কিশোর গ্যাং ও বখাটেদের তৎপরতা নিয়ন্ত্রণে কুমিল্লার ১৮ থানায় একযোগে অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে জেলা পুলিশের পরিচালিত এ অভিযানে নগরীসহ বিভিন্ন থানা এলাকার সন্দেহভাজন ও অপরাধপ্রবণ স্থানগুলোতে অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) লুৎফর রহমান। তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অতীতের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য যাচাই করা হচ্ছে। অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা ছাড়াও প্রতিটি থানার যেসব স্থানে কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে, সেসব এলাকায় তল্লাশি চালানো হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে অংশ নেন।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের অপরাধের ধরন ও অতীত রেকর্ড পর্যালোচনা করে পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে। কিশোর গ্যাংয়ের সদস্যদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো এবং বিভিন্ন এলাকায় বখাটেদের তৎপরতা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে বলেও জানায় জেলা পুলিশ।
বিভি/এমআর













মন্তব্য করুন: