• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে পাঁচ গুণীজনকে ‘স্পৃহা সম্মাননা’

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৭, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে পাঁচ গুণীজনকে ‘স্পৃহা সম্মাননা’

‘কোনো সম্প্রদায়কে ছোট করে, বঞ্চিত করে কিংবা অধিকারহারা করে এই পাহাড়কে এগিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই। রংধনু যেমন একটি রঙে পূর্ণতা পায় না, তেমনি পাহাড়ের সব জনগোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণ ছাড়া বৈচিত্র্যময় ও সম্প্রীতিপূর্ণ জাতি গঠন সম্ভব নয়।’ খাগড়াছড়িতে ‘স্পৃহা সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে মানবিক ও সামাজিক সংগঠন ‘স্পৃহা’ এ অনুষ্ঠানের আয়োজন করে। চিকিৎসা, শিক্ষা, গবেষণা, প্রথাগত নেতৃত্ব, ক্রীড়া, প্রযুক্তি ও সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচ গুণীজনকে এ সম্মাননা দেওয়া হয়।

‘স্পৃহা’র সভাপতি অধ্যাপক বোধিসত্ত্ব দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, মং সার্কেল চিফ সাচিংপ্রু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ওয়াদুদ ভূঁইয়া বলেন, ‘শুধু আমাকে ভোট দিয়ে এমপি বানিয়ে দিলেই হবে না; আমি একা সবকিছু করতে পারব না। পাহাড়ের মানুষের উন্নয়ন, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন।’

শিক্ষকসহ বিভিন্ন নিয়োগের বিষয়ে তিনি বলেন, ‘অতীতের মতো ঘুষ-বাণিজ্য আর হতে দেওয়া যাবে না। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ নিশ্চিত করতে হবে। টাকা দিয়ে অযোগ্য কাউকে শিক্ষক বানানো হলে একটি প্রজন্মের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে।’

‘রংধনু জাতি’র ধারণা তুলে ধরে তিনি বলেন, ‘মান্দি, চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, ম্রোসহ পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণ ছাড়া সমঅধিকারভিত্তিক জাতি গঠন সম্ভব নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের রংধনু জাতির ধারণা বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’

জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা বলেন, ‘আগামীতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের কোনো নিয়োগে টাকার বিনিময়ে চাকরি হবে না। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই চাকরি দেওয়া হবে।’

অনুষ্ঠানে চিকিৎসাসেবায় ডা. শহীদ তালুকদার, শিক্ষা-গবেষণা ও প্রথাগত নেতৃত্বে মং রাণী উখেংচিং মারমা, ক্রীড়ায় জ্যোতিষ বসু ত্রিপুরা, প্রযুক্তি ও উদ্ভাবনে জয়তু খীসা এবং সংগীতে মো. আবুল কাশেমকে ‘স্পৃহা সম্মাননা’ দেওয়া হয়। আলোচনা সভার পাশাপাশি অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত