লক্ষীপুর থেকে নিখোঁজ হওয়া সেই দুই কিশোর বাড়ি ফিরেছে
স্কুল ও মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর টানা চার দিন নিখোঁজ ছিল লক্ষ্মীপুরের রায়পুরের ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী। তাদের খোঁজে উদ্বিগ্ন হয়ে পড়েছিল পরিবার। অবশেষে চট্টগ্রাম ও ঢাকাসহ বিভিন্ন স্থানে ঘোরাঘুরি শেষে নিরাপদে বাড়ি ফিরলে পুলিশের উপস্থিতিতে দুই কিশোরকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
উদ্ধারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে দুই বন্ধু জানায়, পরিবারকে না জানিয়েই নিজেদের পরিকল্পনা অনুযায়ী ঘুরতে বের হয়েছিল তারা। উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী হলো- ইকরামুল হাসান মিনহাজ (১৪) ও আরাফাত আজিম। তারা দুজনই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রায়পুর থানা-পুলিশের উপস্থিতিতে দুই শিক্ষার্থীকে তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: ৪ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ও স্কুলের দুই শিক্ষার্থী, উৎকণ্ঠায় পরিবার
পুলিশ ও উদ্ধার হওয়া শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, গত রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তারা। পরে দুজন একত্র হয়ে আনন্দবাজার ও জয়পুর হয়ে রায়পুর বাসস্ট্যান্ডে যায়। সেখান থেকে লঞ্চে টিকিট কেটে ঢাকায় পৌঁছায়।
ঢাকায় পৌঁছে অটোরিকশাযোগে কমলাপুর রেলওয়ে স্টেশনে যায় তারা। সেখান থেকে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা থাকলেও সঙ্গে পর্যাপ্ত টাকা না থাকায় সরাসরি সেখানে যেতে পারেনি। পরে চট্টগ্রামগামী একটি লোকাল ট্রেনে চড়ে চট্টগ্রামের সিআরবি এলাকায় যায় দুই বন্ধু। সিআরবি এলাকায় ঘোরাঘুরি ও ছবি তোলার পর পুনরায় লোকাল ট্রেনে ঢাকার উদ্দেশে রওনা হয় তারা। পরে সেখান থেকে নিজ নিজ বাড়িতে ফিরে আসে।
আরও পড়ুন: ৪ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ও স্কুলের দুই শিক্ষার্থী, উৎকণ্ঠায় পরিবার
এদিকে, নিখোঁজ থাকার সময় তাদের ইমো অ্যাকাউন্টের স্টোরিতে চট্টগ্রামের সিআরবি এলাকার ছবি দেখতে পান পরিবারের সদস্যরা। এতে পরিবার ও স্থানীয় প্রশাসনের মধ্যে উদ্বেগ আরও বেড়ে যায়। পরে ট্র্যাকিংয়ের মাধ্যমে চট্টগ্রাম কোতোয়ালি থানা এলাকায় তাদের সর্বশেষ অবস্থান শনাক্ত করে পুলিশ।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, চট্টগ্রাম ও ঢাকাসহ বিভিন্ন স্থানে ঘোরাঘুরি শেষে নিরাপদে ফিরে আসা দুই শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বেচ্ছায় ঘুরতে বের হয়েছিল বলে জানিয়েছে। প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে দুই শিক্ষার্থীকে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানান ওসি।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: