ঈদগাহ মাঠের জমি দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০
নাটোরের সিংড়ায় ঈদগাহ মাঠের জমি মাপা ও দখলকে কেন্দ্র করে পাছলাড়ুয়া ও নতুনবস্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রামের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাছলাড়ুয়া ঈদগাহ মাঠ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাহ মাঠের জমি মাপা ও দখলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় লাঠি ও হাসুয়া দিয়ে একে অপরের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজনের মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
আহতদের নাটোর জেনারেল হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের ভেতরে তিনজনে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতেদর মধ্যে নতুনবিস্ত এলাকার মোস্তফা, কামাল হোসেন, বেলাল হোসেন, বেলাল আলী, নাসির হোসেন, রবিউল ইসলাম, সাইদুল ইসলাম, শাহিন আহেমদসহ অন্তত ১৫ জন।
অপরিদেক পাছলাড়ুয়া এলাকার আহত হয়েছেন, মোস্তফা, মাহাফুজ, কাওছার, ইসলাম, মোজা, সবুজ, কাসেম, রাজ্জাক, আসরাফ, আয়নাল, স্বাধিন, ইয়াছিনসহ আরো কয়েকজন। এদের মধ্যে মোস্তফা, মাহাফুজ, কাওছারের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য খালেকুজ্জামান।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভি/এজেড













মন্তব্য করুন: