খাগড়াছড়িতে রাতে পুলিশের বিশেষ চেকিং অভিযান
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাদক ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে খাগড়াছড়িতে বিশেষ চেকিং ও তল্লাশি অভিযান শুরু করেছে জেলা পুলিশ। অভিযানে পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করছেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) নোভেল ছাড়াও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ট্রাফিক বিভাগের সদস্যরা এ অভিযানে অংশ নিচ্ছেন।
অভিযান চলাকালে গভীর রাতে জেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রবেশমুখে যাত্রীবাহী যানবাহন, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ সন্দেহভাজন বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। দুর্গাপূজা উপলক্ষে অপ্রীতিকর ঘটনা এড়ানো, অবৈধ অস্ত্র ও মাদকের অনুপ্রবেশ ঠেকানো এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এ বিষয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন বলেন, ‘শারদীয় দুর্গাপূজা সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে জেলা পুলিশ ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ চেকিং ও টহল কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।’
জেলা পুলিশ প্রশাসন জানিয়েছে, রাত সাড়ে ১২টায় শুরু হওয়া বিশেষ তল্লাশি অভিযান প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল। শারদীয় দুর্গাপূজা চলাকালে শহরের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: