ইনানীর রিসোর্টে আগুন: ইনচার্জ আটক, খোঁজ নেই মালিকদের
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির ইনচার্জ মোহাম্মদ সুমনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। এদিকে অগ্নিকাণ্ডের পর থেকে রিসোর্টের মালিক নিয়াজ মোরশেদ ও তানভীরের খোঁজ পাওয়া যাচ্ছে না।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার। তিনি জানান, আটক সুমনকে থানায় নেওয়া হয়েছে। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে শনিবার সকালে মেরিন ড্রাইভ সড়কের পাশে অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জনসহ মোট ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত আরও ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অগ্নিকাণ্ডের কারণ এবং রিসোর্টটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে তদন্তের মধ্যে ইনচার্জকে আটকের ঘটনা সামনে এল। তবে তাঁকে আটকের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: