• NEWS PORTAL

  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নান্দাইলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

উপযুক্ত পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে, তদবিরের প্রয়োজন নেই: তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২২:২০, ১৭ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:৩৫, ১৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
উপযুক্ত পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে, তদবিরের প্রয়োজন নেই: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। শনিবার (১৭ অক্টোবর) বিকালে মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধাভোগী নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপযুক্ত পরিবারকে সুবিধার আওতায় আনা হবে। এ জন্য কাউকে তদবির করার প্রয়োজন নেই।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করে দেওয়ার কথা বলে কেউ টাকা চাইলে তাকে টাকা দেওয়া যাবে না। এ ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, সরকারিভাবে প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এ সময় কোনো যোগ্য পরিবার যাতে বাদ না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডধারীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এ অর্থ নারীদের চিকিৎসা, ক্ষুদ্র ব্যবসা পরিচালনা ও পারিবারিক প্রয়োজন মেটাতে সহায়তা করবে। এর মাধ্যমে নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে নান্দাইল উপজেলা বিএনপির সদস্যসচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, বিএনপি নেতা আবুল খায়ের বাবুল, পৌর বিএনপির সদস্যসচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনিসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষও অংশ নেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত