• NEWS PORTAL

  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

কলকাতাগামী এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে গেল মাঝ আকাশে, ঢাকায় নেমে রোগীর মৃত্যু

প্রকাশিত: ২০:২৬, ১৮ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:২৭, ১৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
কলকাতাগামী এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে গেল মাঝ আকাশে, ঢাকায় নেমে রোগীর মৃত্যু

ভারতের আগরতলা থেকে কলকাতায় যাওয়ার পথে মাঝ আকাশে হঠাৎ খুলে যায় একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা। এ ঘটনায় বাধ্য হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন পাইলট। পরে উড়োজাহাজটিতে থাকা অসুস্থ এক নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম অঞ্জনা ভৌমিক। ঢাকায় অবতরণের পর তাকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত অঞ্জনা ভৌমিক ভারতের নাগরিক। এয়ার অ্যাম্বুলেন্সটিতে তার সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। যাত্রী তালিকায় তাদের সবার জাতীয়তা ভারতীয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

এয়ার অ্যাম্বুলেন্সটি পরিচালনা করছিল এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। উড়োজাহাজটির মডেল সি৯০এ (C90A) এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)। এটি আগরতলা থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করেছিল।

উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ উড়োজাহাজটিতে মোট সাতজন ছিলেন।

তবে মাঝ আকাশে কী কারণে উড়োজাহাজটির দরজা খুলে গিয়েছিল এবং অসুস্থ ওই নারীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ কী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিভি/কেএস/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত