মঙ্গলবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
শারদীয় দূর্গাপূজায় সনাতনী সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিএনপির সাংগঠনিক সভায় নেতাদের সরাসরি বক্তব্য শুনতে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে যাবতীয় প্রস্ত্তুতি সম্পন্ন করেছে প্রশা্সন ও বিএনপি নেতারা।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পূজা উদযাপন পরিষদের সাথে সমন্বয় করে নিরাপত্তা বলয় তৈরী করেছে প্রশাসন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই শুভেচ্ছা বিনিময়ে উচ্ছসিত সনাতনী সম্প্রদায়ের মানুষরাও।
চট্টগ্রামের সঙ্গে জিয়া পরিবারের আবেগ জড়িয়ে আছে বেদনাবিধূর ও রাজনৈতিক ইতিহাসের নানা ঘটনার মধ্য দিয়ে। আলাদা এক টানে যেকোন দূর্যোগ কিংবা রাজনৈতিক আয়োজনে প্রায়ই ছুটে আসতেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও। তবে এবার বিরল এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে চট্টগ্রাম। প্রথমবারের মত কোন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান আসছেন দূর্গা পূজায় সনাতনী সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করতে।
মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম বিমান বন্দরে আসবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সরাসরি জে এম সেন হলের পূজামণ্ডপে যাবেন তিনি। সেখানে পূজা মন্ডপ পরিদর্শনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে হোটেল র্যাডিসন ব্লুতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভা করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে উচ্ছসিত সনাতনী সম্প্রদায়ের মানুষরা ৷
বিএনপি সিনিয়র নেতারা বলছেন, সনাতনী সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নির্বাচনে বিএনপিকে সমর্থন দেয়াতে কৃতজ্ঞতাও জানাবেন তিনি।
এদিকে, সরকার প্রধানের আগমন ঘিরে নিরাপত্তা মহড়া সেরেছে প্রশাসন। দুর্গোৎসবে প্রধানমন্ত্রীর সফর ঘিরে চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে সনাতনী সম্প্রদায়ের উৎসব রঙিন হওয়ার পাশাপাশি সামপ্রদায়িক সম্প্রীতি আরো মজবুত হবে বলে আশা সংশ্লিষ্টদের।
এর আগে গত ৯ই আগস্ট চট্টগ্রামের বাঁশখালীসহ বিভিন্ন এলাকা সফর করেন সরকার প্রধান।
বিভি/এআই













মন্তব্য করুন: