টাঙ্গাইলে মৃত ও অক্ষম সরকারি কর্মচারীদের পরিবারকে অনুদানের চেক বিতরণ
টাঙ্গাইলে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী ও গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষমতাজনিত পরিস্থিতির শিকার সরকারি কর্মচারীদের পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইলের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
অনুষ্ঠানে জানানো হয়, চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী ৬ জন সরকারি কর্মচারীর পরিবারকে জনপ্রতি ৮ লাখ টাকা করে মোট ৪৮ লাখ টাকা এবং গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষমতাজনিত পরিস্থিতির শিকার ২ জন সরকারি কর্মচারীকে ৮ লাখ টাকাসহ সর্বমোট ৮ জনের অনুকূলে ৫৬ লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।
দুঃসময়ে সরকারি কর্মচারীদের পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, যারা দেশের জন্য ও সরকারি দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করেছেন কিংবা স্থায়ীভাবে অক্ষম হয়েছেন, তাদের অবদান অনস্বীকার্য। সরকার এসব পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সেলিম মিঞাসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং অনুদানপ্রাপ্ত পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
বিভি/এআই













মন্তব্য করুন: