• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা শুরু

৯ স্বর্ণ, ৪ রৌপ্য ও ৫ ব্রোঞ্জসহ মোট ১৮ পদক জিতলেন নৌবাহিনীর সাঁতারুরা

প্রকাশিত: ২৩:০০, ২৮ অক্টোবর ২০২৬

আপডেট: ২৩:০০, ২৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
৯ স্বর্ণ, ৪ রৌপ্য ও ৫ ব্রোঞ্জসহ মোট ১৮ পদক জিতলেন নৌবাহিনীর সাঁতারুরা

রাজধানীর মিরপুরে শুরু হয়েছে চার দিনব্যাপী ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০২৬। প্রতিযোগিতার প্রথম দিনেই দাপট দেখিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সাঁতারের পাঁচটি ও ডাইভিংয়ের একটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়ার দিনে ৯টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জসহ মোট ১৮টি পদক জিতেছেন নৌবাহিনীর সাঁতারুরা।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথম দিন সাঁতারের ১০টি ও ডাইভিংয়ের দুটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে সাঁতারের পাঁচটি এবং ডাইভিংয়ের একটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়। ব্যক্তিগত ও দলীয় পর্যায়ে দক্ষতা, গতি ও ক্রীড়াশৈলী প্রদর্শন করে সাফল্য অর্জন করেন নৌবাহিনীর সাঁতারুরা।

এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী ও বাংলাদেশ পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৮০০ খেলোয়াড় ও কর্মকর্তা অংশ নিচ্ছেন।

জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাঁতারুদের সাফল্য উদ্‌যাপনের অংশ হিসেবে অনুষ্ঠানে কৃতী সাঁতারুদের আর্থিক পুরস্কার দেওয়া হয়।

থাইল্যান্ডে অনুষ্ঠিত ২০২৬ সালের থাইল্যান্ড এজ গ্রুপ সুইমিং চ্যাম্পিয়নশিপসে বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু সামিউল ইসলাম রাফি দুটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক অর্জন করেন। তার এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সুইমিং ফেডারেশনের পক্ষ থেকে তাঁকে আর্থিক পুরস্কার দেওয়া হয়।

এ ছাড়া ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত ৮০তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগের ১৯ কিলোমিটার সাঁতারে ফয়সাল আহমেদ স্বর্ণ এবং পলাশ চৌধুরী রৌপ্য পদক অর্জন করেন। নারী বিভাগের ১৯ কিলোমিটার সাঁতারে রৌপ্য পদক জেতেন সোনিয়া আক্তার।

একই প্রতিযোগিতায় পুরুষ বিভাগের ৮১ কিলোমিটার সাঁতারে পলাশ চৌধুরী রৌপ্য এবং নুরুল ইসলাম ব্রোঞ্জ পদক অর্জন করেন। তাদের এসব কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সুইমিং ফেডারেশনের পক্ষ থেকেও আর্থিক পুরস্কার দেওয়া হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত