কৃষক-ক্রেতার সংযোগে নতুন উদ্যোগ ‘খামার2আমার’
বাংলাদেশে কৃষিপণ্য উৎপাদনের পর দ্রুত বিক্রি করা এবং উপযুক্ত ক্রেতার কাছে পৌঁছানো এখনো অনেক কৃষক ও খামারির জন্য বড় চ্যালেঞ্জ। স্থানীয় বাজারের সীমাবদ্ধতা, পরিবহন ব্যয়, সঠিক বাজারতথ্যের অভাব এবং মধ্যস্বত্বভোগীর ওপর নির্ভরতার কারণে অনেক সময় উৎপাদক প্রত্যাশিত মূল্য পান না। বিশেষ করে দ্রুত নষ্ট হয় এমন কৃষিপণ্যের ক্ষেত্রে সময়মতো ক্রেতা না পাওয়া সরাসরি আর্থিক ক্ষতির কারণ হতে পারে। এই সমস্যার একটি ডিজিটাল সমাধান তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে খামার2আমার (Khamar2Amar)।
এটি বাংলাদেশকেন্দ্রিক একটি কৃষিভিত্তিক ডিজিটাল ক্লাসিফাইড মার্কেটপ্লেস, যেখানে কৃষক, খামারি, ব্যবসায়ী ও অন্যান্য বিক্রেতারা মোবাইল অ্যাপ ব্যবহার করে নিজের পণ্যের বিজ্ঞাপন দিতে পারেন। একই প্ল্যাটফর্মে ক্রেতারা প্রয়োজনীয় পণ্য খুঁজে সরাসরি বিক্রেতার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
খামার2আমারে গরু, ছাগল, হাঁস-মুরগি, মাছ, ডিম, সবজি, ফল, ফসল, বীজ, পশুখাদ্য, কৃষিযন্ত্র ও ফার্ম ইকুইপমেন্টসহ বিভিন্ন ধরনের কৃষিপণ্য তালিকাভুক্ত করার সুযোগ রয়েছে। ফলে স্থানীয় পর্যায়ের ছোট কৃষক বা ব্যবসায়ীও বৃহত্তর বাজারে নিজের পণ্যের তথ্য তুলে ধরতে পারেন।
প্ল্যাটফর্মটির মূল উদ্দেশ্য ক্রেতা ও বিক্রেতার মধ্যে তথ্য ও যোগাযোগের ব্যবধান কমানো। খামার2আমার সরাসরি পণ্য কিনে বা বিক্রি করে না; বরং উভয় পক্ষকে একে অন্যকে খুঁজে পাওয়া, যোগাযোগ করা এবং মূল্য ও কেনাবেচার শর্ত নিয়ে আলোচনা করার সুযোগ দেয়।
ভবিষ্যতে পরিবহন, ভেটেরিনারি সহায়তা, উদ্যোক্তা ও প্রকল্প সংযোগ, কৃষিপণ্য সংরক্ষণ এবং কোল্ড-স্টোরেজ সুবিধাসহ বিভিন্ন কৃষিসেবাকে প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
খামার2আমারের অন্যতম প্রতিষ্ঠাতা আবু সুফিয়ান বলেন, “আমাদের স্বপ্ন খামার2আমারকে বাংলাদেশের কৃষিপণ্যের জন্য একটি ‘এগ্রি আলিবাবা’ হিসেবে গড়ে তোলা। আমরা এমন একটি ডিজিটাল মার্কেটপ্লেস তৈরি করতে চাই, যেখানে দেশের যেকোনো প্রান্তের কৃষক, খামারি, পাইকার, ব্যবসায়ী ও ক্রেতারা খুব সহজেই একে অপরের সঙ্গে যুক্ত হয়ে কৃষিপণ্য কেনাবেচা করতে পারবেন।
আমাদের লক্ষ্য শুধু কৃষিপণ্যের বিজ্ঞাপন প্রকাশের একটি প্ল্যাটফর্ম তৈরি করা নয়, বরং কৃষিপণ্যের জন্য একটি নির্ভরযোগ্য ডিজিটাল বাজারব্যবস্থা গড়ে তোলা। যেখানে উৎপাদক তাঁর পণ্যের জন্য আরও বেশি ক্রেতা খুঁজে পাবেন এবং ক্রেতারাও সরাসরি উৎপাদক ও সরবরাহকারীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন।
আমরা বিশ্বাস করি, প্রযুক্তির সঠিক ব্যবহার বাংলাদেশের কৃষিপণ্যের বাজারকে আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করে তুলতে পারে। খামার2আমারকে সেই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য।”
বিভি/ এসআই













মন্তব্য করুন: