টানা চারদিন কম থাকবে গ্যাসের চাপ
ছবি: সংগৃহীত
কক্সবাজারের মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৭ নভেম্বর) বিকাল ৪টা পর্যন্ত আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে। ফলে এই ৪ দিন এলএনজি সরবরাহ কমবে। এ সময়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) এর অধিভুক্ত এলাকার সকল শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্পচাপ পাবেন।
সোমবার কেজিডিসিএল কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তি দিয়েছে।
কেজিডিসিএলের হিসাব অনুযায়ী, চট্টগ্রামে মোট গ্রাহক ১ লাখ ৪৬ হাজার ১৭৪ জন। এর মধ্যে ক্যাপটিভ পাওয়ারের গ্রাহক ২০৪ জন এবং শিল্পগ্রাহক ৯৬২ জন। অবশিষ্ট গ্রাহক বিদ্যুৎ, সার, বাণিজ্যিক ও আবাসিক খাতে। এখানকার অনেক শিল্পপ্রতিষ্ঠান নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের জন্য ক্যাপটিভ গ্যাসের ওপর নির্ভরশীল। চট্টগ্রাম অঞ্চলে স্বাভাবিক সময়ে দৈনিক গ্যাসের চাহিদা থাকে প্রায় ৩৫০ মিলিয়ন ঘনফুট।
পেট্রোবাংলা’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনালের গ্যাস সরবরাহের সক্ষমতা ১০৫ কোটি ঘনফুট। বর্তমানে সরবরাহ করা হচ্ছে ৯২ কোটি ঘনফুট। নির্ধারিত সময়ে সামিটের টার্মিনালে এলএনজি থেকে গ্যাসে রূপান্তরের কার্যক্রম বন্ধ থাকবে।
বিভি/এআই













মন্তব্য করুন: