• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক ফুড ও এগ্রো ইনোভেশন সামিট

প্রকাশিত: ১৫:৫৭, ৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক ফুড ও এগ্রো ইনোভেশন সামিট

নিরাপদ খাদ্য উৎপাদন, খাদ্যশিল্পের আধুনিকায়ন এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্য নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল বিজনেস ইনোভেশন সামিট ২০২৬’। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) ৭ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন।

ফুড ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই বাংলাদেশ ফাউন্ডেশন (এফইএবি ফাউন্ডেশন) আয়োজিত এ সামিটে একই সঙ্গে থাকছে খাদ্য, কৃষি, ডেইরি, বেকারি, ফুড প্রসেসিং ও সংশ্লিষ্ট যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী। এতে ইউরোপ, আমেরিকা, কানাডা, চীন, ভারত ও তুরস্কসহ প্রায় ২০টি দেশের প্রযুক্তি ও যন্ত্রপাতি তুলে ধরা হবে।

তিন দিনের আয়োজনে থাকছে তিনটি বিশেষায়িত সেমিনার, আইএসও, এইচএসিসিপি, জিএমপি, হালাল ও গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস (জিএপি) বিষয়ে প্রশিক্ষণ এবং বেকিং ও কুলিনারি প্রতিযোগিতা। কৃষক, উদ্যোক্তা, প্রকৌশলী, খাদ্যশিল্পের পেশাজীবী, ব্যবসায়ী ও প্রশিক্ষকেরা এসব কর্মসূচিতে অংশ নেবেন।

প্রথম দিন ৫ নভেম্বর আইএসও/এফএসএসসি ২২০০০, আইএসও ৯০০১, অগ্নিনিরাপত্তা, স্বাস্থ্য ও নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং কৃষি উৎপাদনের উত্তম চর্চা নিয়ে প্রশিক্ষণ হবে।

দ্বিতীয় দিন ৬ নভেম্বর খাদ্য উদ্যোক্তাদের প্রশিক্ষণের পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন ও শিল্পের নিয়ন্ত্রক মানদণ্ড নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তোয়েবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

শেষ দিন ৭ নভেম্বর ভোক্তা অধিকারবিষয়ক অধিবেশনের পাশাপাশি বেকিং ও কুলিনারি প্রতিযোগিতা হবে। আয়োজকদের আশা, এ সামিট খাদ্য ও কৃষিশিল্পে প্রযুক্তি বিনিময়, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত