• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

অরাজকতার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন ব্যাহত না হয়: হাসান আহমেদ চৌধুরী কিরণ

প্রকাশিত: ১৪:০৭, ১৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:১৩, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
অরাজকতার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন ব্যাহত না হয়: হাসান আহমেদ চৌধুরী কিরণ

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, আজকের তরুণ-কিশোররাই জাতির আশা-আকাঙ্ক্ষার ভরসা। এখান থেকেই আমলা হবে, সংসদ সদস্য হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে। বিগত শাসনামলে আমরা কোনো কার্যকর জাতীয় সংসদ পাইনি। অথচ জাতীয় সংসদ হচ্ছে জাতির আশা-আকাঙ্ক্ষার বাতিঘর। আমরা বর্তমান জাতীয় সংসদকে একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ হিসেবে দেখতে চাই। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বোমা বিস্ফোরণ, ককটেল হামলা, যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি করছে। এ ধরনের নাশকতার পেছনে যারা জড়িত রয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। কোনো দেশি-বিদেশি অপশক্তি দেশে অস্থিতিশীলতা তৈরি করার অপচেষ্টা করছে কি না, তাও খতিয়ে দেখতে হবে। আমরা কোনো অরাজকতার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হোক, তা দেখতে চাই না।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ডিবেটিং সোসাইটির ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আমরা চাই, শিক্ষার্থীরা গবেষণা করবে, উচ্চশিক্ষা অর্জন করবে, রোবটিক যুগে প্রবেশ করবে এবং এআই প্রযুক্তির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, জাতীয় স্বার্থে জুলাই অভ্যুত্থানের পক্ষের সব শক্তির ঐক্যবদ্ধ থাকা উচিত। দেশি-বিদেশি অপশক্তি জুলাই ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা করছে। এ ঐক্য যাতে বিনষ্ট না হয়, সে জন্য সরকারি দল, বিরোধী দলসহ জুলাই অভ্যুত্থানের পক্ষের সবাইকে সতর্ক থাকতে হবে। বর্তমান সরকারকে সরকার পরিচালনায় সার্বিক সহযোগিতা করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফরিদা ইয়াছমিন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক তসমিনা বেগম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন টিচার্স কাউন্সিলের সেক্রেটারি অধ্যাপক শামসুন নাহার ও ডিবেটিং সোসাইটির মডারেটর খুজিস্তা আক্তারা বানু।

ওরিয়েন্টেশন শেষে বারোয়ারি বিতর্ক ও রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত