এবার খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ!
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে আসা দুই যুবক ভবনের সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। পরে তারা ভবনের সিঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমাটি ছুড়ে পালিয়ে যায়। সিঁড়িতে দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। কিছুক্ষণ জ্বলার পর আগুন নিজে থেকেই নিভে যায়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়িতে পড়ে। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, শুধু সিঁড়িতে সামান্য দাগ পড়েছে।
তিনি আরও জানান, যে মোটরসাইকেল থেকে বোমাটি নিক্ষেপ করা হয়েছে, সেটি শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
ওসি বলেন, গত ২০ থেকে ২৫ দিনে খুলনা সদর থানা এলাকায় নিষিদ্ধ দলের কোনো কার্যক্রমের তথ্য পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
বিভি/ওটিপি/পিএইচ













মন্তব্য করুন: