• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: হাত-পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু, ২ সন্তান আহত

প্রকাশিত: ২০:২৭, ২২ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:৪৮, ২২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: হাত-পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু, ২ সন্তান আহত

প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগের বটতলা এলাকায় একটি বাসার ভেতরে রাখা গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজের পর ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই মোসাম্মৎ পারভীন (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় পারভীনের শরীরের হাত-পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ দুর্ঘটনায় তার দুই সন্তান শারমিন (২২) ও নাফি (১২) গুরুতর আহত হয়েছে। 

‎রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারীবাগ থানাধীন মাজার বটতলা এলাকায় জামেয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার পাশে ২৩/১ নম্বর বাসার দোতলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বাড়িটির মালিক হাজী আব্দুল হক।

‎থানা সূত্রে জানা গেছে, নিহত পারভীন ওই বাড়ির দোতলার ভাড়াটিয়া ছিলেন। তার স্বামী মনোয়ার হোসেন প্রবাসে থাকেন। পারভীন নিজে সিটি করপোরেশনের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন।

‎ফায়ার সার্ভিসের বরাত দিয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, বাসার ভেতরে রাখা গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পারভীন ঘটনাস্থলেই মারা যান এবং তার দুই সন্তান গুরুতর আহত হয়।

‎ঘটনার খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। আহত শারমিনকে উদ্ধার করে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে এবং নাফিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

‎ওসি আরও জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে ঘটনাস্থল ও এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত