কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের হত্যা-সন্ত্রাসের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। রবিবার (২২ নভেম্বর) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জেলা শহরের আদালত সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান ও যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানা।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, কোষাধ্যক্ষ মুফিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নুর মোহাম্মদ হৃদয়, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ানসহ অন্যান্য নেতাকর্মী।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটি পরিকল্পিতভাবে দেশে হত্যা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও দেশের গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে যেকোনো অপতৎপরতা প্রতিহত করবেন বলেও তারা ঘোষণা দেন।
বিভি/খাগড়াছড়ি/পিএইচ













মন্তব্য করুন: