দেশজুড়ে নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ
দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। রবিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা শহরে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি জেলা শহরের গণপূর্ত ভবনের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে হরিনারায়ণপুর উচ্চবিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাহবুব আলমগীর আলো। এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব হারুনুর রশিদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটি যেভাবে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে, তাতে প্রমাণ হয়, অতীতে বিএনপি যে আন্দোলন করেছিল, তা শান্তিপূর্ণ ছিল। ওই আন্দোলনের সময় নিষিদ্ধ সংগঠনটি অগ্নিসন্ত্রাস ও মানুষ হত্যার ঘটনা ঘটিয়ে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করত।
বক্তারা আরও বলেন, সংগঠনটির নেতা-কর্মীরা এতটাই হিংস্র যে তাদের আগুন থেকে হাসপাতালও রেহাই পাচ্ছে না। এর প্রমাণ দেশের মানুষ এখন দেখছে। নড়াইলে বিএনপির দুই কর্মীকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।
বিভি/নোয়াখালী/পিএইচ













মন্তব্য করুন: