• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ট্রাকের ওপর উল্টে পড়লো কাভার্ডভ্যান; নিহত ১

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৩৫, ২৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৫১, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ট্রাকের ওপর উল্টে পড়লো কাভার্ডভ্যান; নিহত ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান ট্রাকের ওপর উল্টে পড়ে। এতে ট্রাকচালক মো. ইসমাইল (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের সহযোগী রায়হান হোসেন (২০) আহত হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর এলাকার স্কয়ার নিট কম্পোজিট গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক মো. ইসমাইল ও আহত সহযোগী রায়হান হোসেন দুজনই ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন হারুকান্দি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় একটি কাভার্ডভ্যান অন্য একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে কাভার্ডভ্যানটি পাশের একটি ট্রাকের ওপর উল্টে পড়ে। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকচালক মো. ইসমাইল নিহত হন।

প্রত্যক্ষদর্শী সেলিম মিয়া জানান, রূপগঞ্জের গাউছিয়া থেকে কাঁচপুরের দিকে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ওপর কাভার্ডভ্যানটি উল্টে পড়ে থাকতে দেখেন তিনি। পরে স্থানীয়দের কাছ থেকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার বিষয়টি জানতে পারেন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহত রায়হান হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের ওই অংশে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেয়। রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত ও তার সহযোগী আহত হয়েছেন। গাড়ি দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিভি/সোনারগাঁ/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত