গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেল নিক্ষেপ
বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের শ্রীপুরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সোমবার সকালে যথারীতি কাজে যোগ দিতে শ্রীপুরের শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় যান শ্রমিকরা। তবে কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন তারা। পরিস্থিতি বিবেচনায় ৮ থেকে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটি পেয়ে বেশিরভাগ কারখানার শ্রমিক বাড়ি ফিরে যান।
তবে সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর-গড়গড়িয়া মাস্টারবাড়ি সড়ক থেকে কয়েকশ শ্রমিক লাঠিসোঁটা হাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় গিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় দায়িত্বে থাকা আনসার সদস্য, গাজীপুর শিল্প পুলিশ ও জেলা পুলিশ সদস্যরা তাদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। তবে শ্রমিকরা সেই অনুরোধ উপেক্ষা করে মহাসড়কে অবস্থান নেন এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।
এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকরা মহাসড়কের আশপাশের গলিতে অবস্থান নিয়ে আবারও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এরপর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: