• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বাংলাবান্ধা সীমান্ত দিয়ে মানসিক ভারসাম্যহীন নেপালি নাগরিককে প্রত্যাবাসন

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৩৯, ২৩ নভেম্বর ২০২৬

আপডেট: ০৯:৩৯, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাংলাবান্ধা সীমান্ত দিয়ে মানসিক ভারসাম্যহীন নেপালি নাগরিককে প্রত্যাবাসন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে খায়রুদ্দিন আনসারি (২৯) নামে মানসিক ভারসাম্যহীন এক নেপালি নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ, উভয় দেশের ইমিগ্রেশন পুলিশ এবং নেপাল দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন বাংলাবান্ধা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের মেইন পিলার ৭৩২-এর ১ নম্বর সাব-পিলার থেকে আনুমানিক ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রত্যাবাসন করা খায়রুদ্দিন আনসারি নেপালের প্রদেশ-২-এর বারা জেলার পারছোনি গ্রামের বাদল আনসারির ছেলে। এ সময় নেপাল দূতাবাসের থার্ড সেক্রেটারি সূরাজ আমগাইন, বাংলাবান্ধা বিওপির বিজিবি সদস্য, বিএসএফের ফুলবাড়ী বিওপির সদস্য এবং বাংলাবান্ধা ও ফুলবাড়ী ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উভয় দেশের ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে বাংলাবান্ধা-ফুলবাড়ী ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) দিয়ে তাকে নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

তবে এ সময় ওই নেপালি নাগরিকের পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। নেপাল দূতাবাসের কর্মকর্তা নিজেই তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করবেন।

বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস বলেন, খায়রুদ্দিন মানসিক ভারসাম্যহীন। প্রায় পাঁচ বছর আগে তিনি কোন সীমান্তপথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন, তা বলতে পারেননি। তবে পাঁচ বছর আগে কুষ্টিয়া জেলায় এক ব্যক্তি তাকে খুঁজে পান এবং নিজের তত্ত্বাবধানে রাখেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও বাংলাদেশে অবস্থানের বিস্তারিত তথ্য প্রচার করা হলে পরিচয় শনাক্ত হয়।

তিনি আরও বলেন, এরপর নেপাল ও বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দুই দেশের দূতাবাস প্রয়োজনীয় নথিপত্র ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। পরে তাকে দেশে ফেরার জন্য ট্রাভেল পাস দেওয়া হয়। প্রয়োজনীয় অন্যান্য আইনি পদক্ষেপ শেষে তাকে নিজ দেশে পাঠানো হয়েছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ওই নেপালি নাগরিককে রবিবার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এ সময় বিজিবি সদস্যরা প্রত্যাবাসন কার্যক্রমে সহযোগিতা করেন।

তিনি জানান, বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দূতাবাসের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। পরে ট্রাভেল পাস দেওয়া হলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তিনি নিজ দেশে ফিরে যান।

বিভি/পঞ্চগড়/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত