• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিয়েতে যাওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২ 

সুজন মজুমদার, কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০০, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বিয়েতে যাওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২ 

কুমিল্লার চৌদ্দগ্রামে খালাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও তিনজন আহত হয়েছেন। 

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কালিকসার রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর এলাকার শফিক মিয়ার ছেলে সিএনজি চালিত অটোরিকশার চালক আব্দুল মতিন (৩৫) এবং উপজেলার হিংগুলা এলাকার আরিফুল ইসলামের ছেলে আরিফ (৪০)।

আহতরা হলেন চিওড়া ইউনিয়নের নোয়াপুর এলাকার আব্দুল মতিনের ছেলে হানিফ ও ইয়াকুব এবং জগন্নাথদীঘি ইউনিয়নের হানিফ মিয়ার স্ত্রী সুফিয়া বেগম। তাঁদের মধ্যে ইয়াকুবের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আরিফের স্বজন ইলিয়াস জানান, চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের মামুনের বিয়ের অনুষ্ঠান ছিল উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর এলাকায়। বিয়েতে যাওয়ার জন্য তাঁরা কয়েকজন প্রথমে একটি মাইক্রোবাসে ওঠেন। তবে মাইক্রোবাসে জায়গা না হওয়ায় কয়েকজন মহাসড়কের আমজাদের বাজার রাস্তার মাথা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন।

পথে অটোরিকশাটি কালিকসার রাস্তার মাথা এলাকায় পৌঁছালে সামনে একটি লরি দাঁড়িয়ে থাকায় চালক গতি কমিয়ে এগোচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে লরির নিচে চলে যায়। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ পাঁচজন হতাহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিএনজিচালক আব্দুল মতিন ও যাত্রী আরিফকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাঈদ আল মনসুর (ইনাম) জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে দুজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। গুরুতর আহত ইয়াকুবকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরঞ্জন কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিভি/এসএম/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত