• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ইতালিতে সড়ক দুর্ঘটনায় ভৈরবের প্রবাসী যুবক নিহত

সত্যজিৎ দাস ধ্রুব, ভৈরব

প্রকাশিত: ১৭:০০, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইতালিতে সড়ক দুর্ঘটনায় ভৈরবের প্রবাসী যুবক নিহত

ছবি: জুনাইদ আহমেদ

কিশোরগঞ্জের ভৈরবের জুনাইদ আহমেদ (২৩) নামে এক যুবক ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ২৪ নভেম্বর দিবাগত রাতে ইতালির বারি এলাকায় একটি প্রাইভেটকারের ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়।

নিহত জুনাইদ ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগরের তাতারকান্দা এলাকার মো. রেনু মিয়ার ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মামাতো ভাই মো. নিশান মিয়া। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে। শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

পারিবারিক সূত্রে জানা যায়, নিজের স্বপ্ন পূরণের আশায় প্রায় এক বছর আগে দালালের মাধ্যমে কয়েকটি দেশ ঘুরে লিবিয়ায় যান জুনাইদ। সেখানে দীর্ঘদিন অবস্থানের পর প্রায় দুই মাস আগে ‘ডাঙ্কি’ পথে সমুদ্র পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছান তিনি। সম্প্রতি ইতালির একটি প্রতিষ্ঠানে কাজে যোগ দেন কলেজপড়ুয়া এই যুবক।

পরিবারে তিন ভাই ও এক বোনের মধ্যে জুনাইদ ছিলেন একজন। তার আরেক ভাই ইতালিতে এবং অন্য ভাই মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে থাকেন।

জানা গেছে, কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ইতালির পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের মামাতো ভাই নিশান মিয়া বলেন, পরিবারের জন্য ভালো কিছু করা এবং নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন ছিল জুনাইদের। ২৪ নভেম্বর রাতে ইতালিতে সড়ক দুর্ঘটনায় সে মারা যায়। তাদের চাওয়া, দ্রুত সময়ের মধ্যে জুনাইদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক, যাতে তার বাবা-মা সন্তানকে শেষবারের মতো দেখতে পারেন। এ বিষয়ে সরকারের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন তিনি।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম মামুনুর রশীদ বলেন, ইতালিতে সড়ক দুর্ঘটনায় ভৈরবের ওই যুবকের মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। নিহতের পরিবার মরদেহ দেশে আনতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

বিভি/ভৈরব/পিএইচ

মন্তব্য করুন: