দল থেকে বাদ পড়া সেই তারকা ফিরলেন শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে
শ্রীলংকার টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ার পর দ্রুতই ফিরলেন কামিন্দু মেন্ডিস। সোমবার এই অলরাউন্ডারকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল দিয়েছে শ্রীলংকা। ১৫ সদস্যের দলে অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভার জায়গা হয়নি। তবে নেই পেসার প্রোমোদ মাদুশানও।
দাসুন শানাকার নেতৃত্বাধীন দলে কামিন্দুর ফেরাটা সবচেয়ে বেশি চমক হয়ে এসেছে। বিশ্বকাপের প্রাথমিক দলে থাকলেও গত মাসে পাকিস্তান সিরিজের কোনো ম্যাচে একাদশে সুযোগ হয়নি তার। পরে ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের দলে জায়গা হারান ২৭ বছরের লংকান অলরাউন্ডার।
দুই সিরিজে তিন ম্যাচ খেলে ভালো করতে না পারা ধনঞ্জয়ার জায়গাতেই ফেরানো হয়েছে তাকে। টি-টোয়েন্টিতে কামিন্দুর সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো হয়নি। শ্রীলংকার হয়ে সবশেষ দুই ইনিংসে রান তার মোটে ১৫।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে কাঁধে চোট পেয়ে শেষ ম্যাচ থেকে ছিটকে পড়া ইশান মালিঙ্গাকেও রাখা হয়েছে চূড়ান্ত দলে। তবে আসরের শুরুতে ২৪ বছরের এই পেসারের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। এই সিরিজ দিয়ে দলে ফেরা টপ অর্ডার ব্যাটসম্যান পবন রত্নায়েক টিকে গেছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলংকায় শুরু হচ্ছে। ২০১৪ সালের চ্যাম্পিয়ন শ্রীলংকা রবিবার কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। ‘বি’ গ্রুপে লংকানদের বাকি তিন দল অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে।
বিভি/এজেড



মন্তব্য করুন: