ভারতের জালেও জোড়া গোল, সাফের ফাইনালে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচেই দারুণ সূচনা করেছিলো বাংলাদেশের কিশোরীরা। ভুটানের জালে এক ডজন গোল দিয়ে আসর শুরু করা মুনকি আক্তাররা ভারতকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার (২ ফেব্রুয়ারি) নেপালের পোখারায় মুখোমুখি হয়ে ভারত ও বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধেই ভারতের জালে দুটি গোল দিয়ে বসে বাংলাদেশের কিশোরী দল।
পুরো ম্যাচজুড়ে ভারতকে চাপে রেখে প্রথমার্ধেই আদায় করে নেয় দুই গোল। দ্বিতীয় হাফে আর গোল না হলে, ২-০ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট কাটে বাংলাদেশ।
ম্যাচের ৩০ মিনিটে প্রথম গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন অর্পিতা বিশ্বাস। ওই গোলে এগিয়ে গিয়ে ম্যাচে আধিপত্যের জানান দেয় লাল-সবুজের মেয়েরা। অর্পিতার গোলে অনুপ্রাণিত হয়ে ৪০ মিনিটে ব্যবধান বাড়ান আলপি আক্তার। ফলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয় হাফে গোলের চেষ্টা করেও সাফল্য পায়নি বাংলাদেশ।
৪ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ-ভারত ছাড়াও খেলছে নেপাল ও ভুটান। টানা দুই জয়ে গ্রুপপর্বের শীর্ষে রয়েছে বাংলাদেশ। এখনো একটি ম্যাচ বাকি রয়েছে তাদের। আগামী ৪ ফেব্রুয়ারি নেপালের মুখোমুখি হবে পিটার বাটলারের শিষ্যরা। গ্রুপের শীর্ষ দুই দল আগামী ৭ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ফাইনালে।
বিভি/এজেড



মন্তব্য করুন: