লো স্কোরিং ম্যাচেও ইংল্যান্ডকে হারাতে পারলো না শ্রীলঙ্কা
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে ইংল্যান্ড। পাল্লেকেলেতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ইংলিশদের জয় ১২ রানে। ইংল্যান্ডের ৯ উইকেটে ১২৮ রানের জবাবে ১৯ ওভার তিন বলে ১১৬-তে গুটিয়ে যায় বিশ্বকাপের সহ-আয়োজকরা।
টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড পাওয়ার প্লেতেই হারায় চার উইকেট। ইনিংসের দ্বিতীয় বলে বেন ডাকেটকে এলবিডব্লিউ করে দেন চামিরা। মাথিশা পাথিরানার বলে কট বিহাইন্ড হন বেথেল। এই দুইজনের মতো টম ব্যান্টন ও হ্যারি ব্রুকও যেতে পারেননি দুই অঙ্কে।
এক ছক্কা ও দুইটি চারে ২১ বলে ২৫ রান করা জস বাটলারের স্টাম্প ভেঙে দেন মাহিশ থিকশানা। চামিরার দ্বিতীয় শিকার জ্যাকস। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্তে লড়াই চালিয়ে যান কারান। তাকে কিছুক্ষণ সঙ্গ দেন লিয়াম ডসন। তাকে ফিরিয়েই ম্যাচের সর্বোচ্চ ৪৭ রানের জুটি ভাঙেন চামিরা। দুই বল পর জেমি ওভারটনকেও বিদায় করেন তিনি। ৪৪ বলে ফিফটি করা কারানকে ইনিংসের শেষ ওভারে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন চামিরা।
ছোট লক্ষ্য তাড়ায় তৃতীয় বলে ফেরেন কামিল মিশারা। তিন ছক্কায় ১২ বলে ২৩ রান করা পাথুম নিসাঙ্কার আগ্রাসন থামান ডসন। পাওয়ার প্লেতে আর কোনো উইকেট হারায়নি লঙ্কানরা। নবম ওভারে দুর্দান্ত এক গুগলিতে পাভান রাত্নায়েকের স্টাম্প ভেঙে দেন লেগ স্পিনার আদিল রাশিদ। পরের ওভারেই জ্যাকসের বলে রাশিদের হাতে ধরা পড়েন চারটি চারে ২৬ রান করা কুসাল মেন্ডিস।
তখনও ম্যাচ ছিল শ্রীলঙ্কার হাতে। কিন্তু কামিন্দু মেন্ডিস, দুনিথ ওয়েলালাগে, জানিথ লিয়ানাগে, দাসুন শানাকাদের টিকতে দেননি বেথেল ও জ্যাকস। পরপর দুই ওভারে কামিন্দু ও লিয়ানাগেকে বিদায় করেন জ্যাকস। আর ১৮তম ওভারে ওয়েলালাগে, চামিরা ও শানাকার বিদায় ঘন্টা বাজিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন বেথেল।
শেষ ওভারে বেথেলকে ছক্কার চেষ্টায় শর্ট থার্ডম্যানে থিকশানা ধরা পড়লে জয়ের আনন্দে মাতে ইংল্যান্ড। বিশ্বকাপের আগে সহ-আয়োজকদের একটিকে হোয়াইটওয়াশ করতে পারা নিশ্চিতভাবেই ইংলিশদের আত্মবিশ্বাসের পালে হাওয়া দিবে।
ভারত ও শ্রীলঙ্কায় আগামী শনিবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।
বিভি/এসজি



মন্তব্য করুন: