বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ দেখাবে যে দুই টিভি চ্যানেল
ছবি: সংগৃহীত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশি দর্শকরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন। কোন কোন চ্যানেলে বাংলাদেশের ভক্ত-সমর্থকরা খেলা দেখতে পারবেন, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আইসিসি।
আইসিসির বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় দুই ক্রীড়া চ্যানেল টি স্পোর্টস ও নাগরিক টিভি। এ ছাড়া আন্তর্জাতিক বিপণন সংস্থা টোটাল স্পোর্টস ম্যানেজমেন্ট (টিএসএম) বাংলাদেশে এই টুর্নামেন্টের মূল সম্প্রচার অংশীদার হিসেবে কাজ করছে।
যারা মোবাইল বা ইন্টারনেটে খেলা দেখতে পছন্দ করেন, তাদের জন্য থাকছে ডিজিটাল প্ল্যাটফর্মের সুবিধা। জনপ্রিয় অ্যাপ ও ওয়েবসাইট র্যাবিটহোলবিডিতে টুর্নামেন্টের সব ম্যাচ লাইভ স্ট্রিমিং করা হবে। ফলে টিভি সেটের সামনে না থাকলেও দর্শকরা স্মার্টফোনের মাধ্যমে খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারবেন।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপের আসর। এক মাসব্যাপী এই আসরে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি হবে ৮ মার্চ।
উল্লেখ্য, ভারতের সঙ্গে রাজনৈতিক ও নিরাপত্তা দ্বন্দ্বে বাংলাদেশ নাম প্রত্যাহার করে নেওয়ায় তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে আইসিসি।
বিভি/এআই



মন্তব্য করুন: