• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

এফএ কাপ থেকেও ছিটকে গেলো ১৪ বারের শিরোপাজয়ী আর্সেনাল

প্রকাশিত: ১২:০২, ৫ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
এফএ কাপ থেকেও ছিটকে গেলো ১৪ বারের শিরোপাজয়ী আর্সেনাল

লিগ কাপের ফাইনাল হারের পর ইংলিশ এফএ কাপ থেকেও ছিটকে গেলো রেকর্ড ১৪ বারের শিরোপাজয়ী আর্সেনাল। শনিবার কোয়ার্টার ফাইনালে চ্যাম্পিয়নশিপের দল সাউদাম্পটনের কাছে ইংলিশ প্রিমিয়ার লিগ লিডারদের হার ২-১ ব্যবধানে। 

লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে শিরোপা হারানো আর্সেনাল এদিন দ্বিতীয় স্তরের ক্লাবটির মাঠে ম্যাচের শুরুতে বল দখল ও আক্রমণে যথারীতি আধিপত্য নেয়। কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় প্রথম ৩০ মিনিটে গোলের দেখা পায়নি প্রিমিয়ার লিগ লিডাররা। উল্টো ৩৫ মিনিটে তাদের জালে বল পাঠায় সাউদাম্পটন। 

গোলদাতা স্কটিশ ফরোয়ার্ড রস স্টুয়ার্ট। গোল খেয়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে মিকেল আর্তেতার দল। ৬৮ মিনিটে সফল হয় রেকর্ড ১৫ বারের এফএ কাপ চ্যাম্পিয়নরা। গোল করেন ফর্মে থাকা সুইডিশ স্ট্রাইকার ভিক্তর ইয়োকেরেশ। 

নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে ফের এগিয়ে যায় ইংলিশ চ্যাম্পিয়নশিপে সপ্তম স্থানে থাকা দলটি। গোলদাতা ২২ বছরের ইংলিশ মিডফিল্ডার শিয়া চার্লস। বাকি সময়ে আপ্রাণ চেষ্টা চালিয়েও খেলায় ফিরতে পারেনি ২০২০ সালে শেষবার এই শিরোপা জেতা আর্সেনাল।

এদিন অন্য দুই কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে আর্লিং হালান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে ৪-০ গোলে আর চেলসি নিজেদের মাঠে তৃতীয় স্তরের ক্লাব পোর্ট ভেলিকে ৭-০'তে উড়িয়ে সেমিতে উঠেছে। 

বিভি/এজেড

মন্তব্য করুন: