• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

পিছিয়ে পড়া বার্সার ঘাম ঝরানো জয়, আরও মজবুত হলো শীর্ষস্থান

প্রকাশিত: ১১:৫৪, ৫ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
পিছিয়ে পড়া বার্সার ঘাম ঝরানো জয়, আরও মজবুত হলো শীর্ষস্থান

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের সাক্ষাৎ সামনে রেখে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে বার্সেলোনা। শনিবার প্রতিপক্ষের মাঠে পিছিয়ে পড়ে স্প্যানিশ লিগ লিডারদের জয় ২-১ ব্যবধানে। শেষ মুহূর্তে গোল করে বার্সার জয়ের নায়ক রবের্ত লেভান্দোভস্কি। 

মাদ্রিদের মেত্রোপলিতানোয় এদিন চোট পাওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়াকে ছাড়া খেলতে নেমে ৩৯ মিনিটে পিছিয়ে পড়ে বার্সা। নিজেদের অর্ধ থেকে ক্লেঁমো লংলের উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন জুলিয়ানো সিমেওনে। 

দুই মিনিট পরেই মার্কাস রাশফোর্ডের গোলে সমতায় ফেরে কাতালান জায়ান্টরা। ডি-বক্সে দানি ওলমোর ফিরতি পাস পেয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন ইংলিশ ফরোয়ার্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে লামিনে ইয়ামালকে ফাউল করে লাল কার্ড দেখেন অ্যাতলেতিকোর নিকো গন্সালেস। 

৮৭ মিনিট এগিয়ে যায় বার্সা। জোয়াও কান্সেলোর শট গোলরক্ষক ফিরিয়ে দেওয়ার পর কাছেই দাঁড়ানো লেভানদোভস্কির বুকে লেগে বল জালে জড়ায়। আট মিনিট আগে বদলি নেমেছিলেন পোলিশ স্ট্রাইকার। 

এই জয়ে ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদকে ৭ পয়েন্ট দূরে রেখে লিগ শীর্ষস্থান শক্ত করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৫৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে আতলেতিকো। আগামী বুধবার বার্সার মাঠে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে দুই দল। 

বিভি/এজেড

মন্তব্য করুন: