বাংলাদেশিরা আমাদের ভাই: পাকিস্তান অধিনায়ক
ছবি: সংবাদ সম্মেলনে পাকিস্তানি অধিনায়ক
টি–টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না থাকা নিয়ে পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেছেন, ‘বাংলাদেশিরা আমাদের ভাই, পাকিস্তানের প্রতি তাদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। এটা দুঃখজনক যে তারা বিশ্বকাপে খেলছে না।’ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কলম্বোয় অধিনায়কদের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি পাকিস্তানের ভারত–ম্যাচ বয়কট ইস্যুতেও কথা বলেছেন সালমান।
সালমান স্বীকার করেছেন, ভারত–ম্যাচ বয়কটে সমর্থকেরা হতাশ হবেন। তবে দলের মনোযোগ এখন গ্রুপের বাকি ম্যাচগুলোর দিকেই। সালমান বলেছেন, ‘ভারত–ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে নেই। এটা সরকারের সিদ্ধান্ত, আর আমরা সেটাকে সম্মান করি। তারা যা বলবে, আমরা সেটাই করব। এ ছাড়া আমাদের আরও তিনটি ম্যাচ আছে, সেগুলো নিয়ে আমরা রোমাঞ্চিত।’
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ সরকার নিরাপত্তাশঙ্কায় ভারতে বিশ্বকাপের দল পাঠাতে রাজি হয়নি। এরপর আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিলে পাকিস্তান সরকার বিশ্বকাপে ভারত-ম্যাচ বয়কটের ঘোষণা দেয়।
পাকিস্তান গ্রুপ পর্বে ভারতের সঙ্গে খেলছে না, কিন্তু টুর্নামেন্টে নকআউট পর্বেও দুই দলের দেখা হতে পারে। এমনটা হলে পাকিস্তান কী করবে সেই প্রশ্নের উত্তরও দিতে হয়েছে সালমানকে, ‘যদি সেমিফাইনাল বা ফাইনালে তাদের বিপক্ষে খেলতে হয়, তাহলে আমাদের সরকারের কাছে যেতে হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে।’
বিভি/এমআর



মন্তব্য করুন: