সুইডেনপ্রবাসী আনিকাকে নিয়ে এশিয়ান কাপে স্কোয়াড বাংলাদেশের
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া উইমেন্স এশিয়ান কাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত এই দলে জায়গা করে নিয়েছেন সুইডেনপ্রবাসী ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী, যিনি প্রথমবারের মতো বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।
ইউরোপে বেড়ে ওঠা আনিকার ফুটবল ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। তিনি সুইডেনের ক্লাব ব্রোমপোজকর্নের অনূর্ধ্ব-১৯ দলে নিয়মিত খেলেছেন। গত মাসে সুইডিশ কাপ দিয়ে ওই ক্লাবের সিনিয়র দলে অভিষেক হয় তার। ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডের ইউরোপিয়ান ফুটবলের অভিজ্ঞতা বাংলাদেশ দলের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। এর আগে জাপানে জন্ম নেওয়া মাতসুশিমা সুমাইয়ার মাধ্যমে প্রবাসী নারী ফুটবলারের যাত্রা শুরু হলেও, আনিকা সেই তালিকায় নতুন সংযোজন হতে যাচ্ছেন।
আনিকার পাশাপাশি স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আরও দুই ফুটবলার- আলপি আক্তার ও সৌরভী আফরিন। বয়সভিত্তিক ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তারা। অন্যদিকে, অভিজ্ঞতা নিয়ে দলে ফিরেছেন আইরিন খাতুন ও সৌরভী আকন্দ, যা মিডফিল্ড ও আক্রমণভাগে ভারসাম্য আনবে বলে মনে করা হচ্ছে।
১ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপের ২১তম আসর। বাংলাদেশের গ্রুপে পড়েছে শক্তিশালী তিন প্রতিপক্ষ—নয়বারের চ্যাম্পিয়ন চীন, তিনবারের শিরোপাজয়ী উত্তর কোরিয়া এবং মধ্য এশিয়ার দল উজবেকিস্তান। গ্রুপটি নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জের।
মেয়েদের এশিয়ান কাপে সবচেয়ে সফল দল চীন। ১৯৮৬ সাল থেকে নিয়মিত অংশ নিয়ে তারা এখন পর্যন্ত সর্বোচ্চ ৯ বার শিরোপা জিতেছে। ৩ মার্চ গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন চীনের মুখোমুখি হবে কোচ পিটার বাটলারের দল।
৬ মার্চ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ উত্তর কোরিয়ার বিপক্ষে। র্যাঙ্কিংয়ের ৯ নম্বর দলটি এশিয়ান কাপে ১০ বার অংশ নিয়ে তিনবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান, যারা পাঁচবার খেললেও এখনো গ্রুপ পর্ব পেরোতে পারেনি।
১২ দলের এই টুর্নামেন্টে তিনটি গ্রুপে চারটি করে দল অংশ নিচ্ছে। প্রতিটি গ্রুপের সেরা দুটি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে। পাশাপাশি, তিন গ্রুপের তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোর মধ্য থেকে সেরা দুটি দলও শেষ আটে খেলার সুযোগ পাবে।
এই এশিয়ান কাপে কোয়ার্টার ফাইনালে ওঠা আটটি দলের সামনে বড় সুযোগ অপেক্ষা করছে। এই আট দলই পাবে ২০২৭ সালের ব্রাজিল নারী বিশ্বকাপ এবং ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অংশগ্রহণের টিকিট।
বাংলাদেশ নারী দলের স্কোয়াড:
গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী।
ডিফেন্ডার: আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, নবীরন খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, হালিমা খাতুন, সৌরভী আফরিন।
মিডফিল্ডার: স্বপ্না রানী, মুনকি আক্তার, আইরিন খাতুন, শাহেদা আক্তার, উমহেলা মারমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, আনিকা রানিয়া সিদ্দিকী, উন্নতি খাতুন।
ফরোয়ার্ড: আলপি আক্তার, সৌরভী আকন্দ, মোসাম্মত সুলতানা, তহুরা খাতুন, মোসাম্মত সাগরিকা ও শামসুন্নাহার জুনিয়র।
স্ট্যান্ডবাই: অর্পিতা বিশ্বাস, সিনহা জাহান, শান্তি মার্ডি, তনিমা বিশ্বাস।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: