• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

ক্রিকেট ছেড়ে মোদির দলে যোগ দিলেন যুজবেন্দ্র চাহাল

প্রকাশিত: ১৬:১৬, ২২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ক্রিকেট ছেড়ে মোদির দলে যোগ দিলেন যুজবেন্দ্র চাহাল

ক্রিকেটের ২২ গজে স্পিন জাদু দিয়ে একসময় প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেওয়া ভারতের তারকা লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল এবার রাজনীতির মাঠে নামলেন। শনিবার ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন তিনি। একই সঙ্গে দলের আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস (ওবিসি) মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন এই ক্রিকেটার।

বিজেপিতে যোগ দেওয়ার আগে ওবিসি মোর্চার জাতীয় সভাপতি অমরপাল মৌর্যের সঙ্গে সাক্ষাৎ করেন চাহাল। দলে নাম লেখানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি জানিয়ে তিনি লেখেন, ‘বিজেপি পরিবারে আমাকে স্থান ও সম্মান দেওয়ার জন্য সম্মানিত প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদিজি, সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধেয় অমিত শাহজি, বিজেপির জাতীয় সভাপতি শ্রদ্ধেয় নিতিন নবীনজি এবং ওবিসি মোর্চার জাতীয় সভাপতি শ্রদ্ধেয় অমরপাল মৌর্য জিকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

ওবিসি মোর্চার সভাপতি অমরপাল মৌর্য জানিয়েছেন, বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনের নির্দেশেই এসব নিয়োগ দেওয়া হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এই নতুন কমিটিতে জাতীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আসামের যোগেন মোহন, ওড়িশার মমতা মোহান্ত, উত্তর প্রদেশের সঙ্গম লাল গুপ্ত ও সঙ্গীতা বলবন্ত বিন্দ, মহারাষ্ট্রের বাবানরাও রাওজি চৌধুরী, দিল্লির সত প্রকাশ রানা এবং বিহারের অর্জুন সাহনি।

১৯৯০ সালে জন্ম নেওয়া চাহাল ভারতের জার্সিতে সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০২৩ সালে। পরবর্তীতে গত অক্টোবরে লর্ডসে নর্থ্যাম্পটনশায়ারের হয়ে শেষ ম্যাচ খেলে প্রথম শ্রেণির ক্রিকেট থেকেও অবসর নেন তিনি। মজার বিষয় হলো, ক্রিকেটে পুরোদস্তুর মনোযোগ দেওয়ার আগে তিনি একজন দাবাড়ু ছিলেন। সীমিত ওভারের ক্রিকেটে প্রথম ভারতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার কীর্তিও রয়েছে তার ঝুলিতে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে ২৫ রানে ৬ উইকেট নেওয়া চাহালের ক্যারিয়ারের অন্যতম সেরা বোলিং পারফরম্যান্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি), রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন তিনি। ২০২৫ মৌসুমের নিলামে ১৮ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল পাঞ্জাব কিংস। পাশাপাশি ভারতের ঘরোয়া ক্রিকেটে হরিয়ানার প্রতিনিধিত্ব করেছেন এই স্পিনার।

বিভি/এসকে/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত