• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

মেসিদের বড় ধাক্কা, বিদায়ের শঙ্কায় বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি

প্রকাশিত: ১০:৩৩, ২২ নভেম্বর ২০২৬

আপডেট: ১০:৩৪, ২২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মেসিদের বড় ধাক্কা, বিদায়ের শঙ্কায় বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি

ছবি: সংগৃহীত

মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফের প্রথম রাউন্ডের শুরুতেই বড় ধাক্কা খেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। বেস্ট অব থ্রি সিরিজের প্রথম ম্যাচে সপ্তম বাছাই কলাম্বাস ক্রুর কাছে ৩-০ গোলে হেরে গেছে লিওনেল মেসির দল। গঞ্জালো তাপিয়ার জোড়া গোল এবং গোলরক্ষক প্যাট্রিক শুলটের পাঁচটি সেভে চমক দেখিয়েছে সফরকারীরা।

দ্বিতীয় বাছাই হিসেবে পূর্ণ শক্তির একাদশ নিয়ে মাঠে নেমেছিলো মায়ামি। কিন্তু মৌসুমের শেষ দিকে ছন্দে ফেরা কলাম্বাস ক্রু তাদের জয়ের ধারা ধরে রেখে দাপট দেখায়। গত ১ সেপ্টেম্বর ইস্টার্ন কনফারেন্সের ১৫তম স্থানে থাকা দলটি টানা ছয়টি রেগুলার সিজন ম্যাচ জিতে পোস্ট সিজনে পা রাখে, যা বর্তমানে লিগের সবচেয়ে দীর্ঘ জয়ের ধারা।

ম্যাচের শুরুতেই বিপদে পড়ে মায়ামি। অষ্টম মিনিটে বক্সের ভেতর তাপিয়াকে ফাউল করে বসেন মায়ামি গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার। প্রাপ্ত পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন তাপিয়া। বিরতির পর ৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হারব্রোনে, আর এর মাত্র ছয় মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করে স্কোরলাইন ৩-০ করেন তাপিয়া।

ম্যাচে ফেরার বেশ কয়েকটি সুযোগ পেলেও শুলটের দেয়াল ভাঙতে পারেননি মায়ামিরা। প্রথমার্ধে চারটি সেভ করা এই গোলরক্ষক ২৩তম মিনিটে মেসিকে সামনে থেকে রুখে দেন এবং ৩১তম মিনিটে তার ফ্রি কিকও ফিরিয়ে দেন। ৩৬তম মিনিটে গনজালো লুজান লাল কার্ড দেখলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে বাধ্য হয় মায়ামি।

মাঠের পারফরম্যান্সে হতাশা বাড়তে থাকলে মেজাজ হারান মেসিও। প্রথমার্ধের শেষ দিকে তাপিয়ার মুখের পাশে বল মেরে হলুদ কার্ড দেখেন আর্জেন্টাইন তারকা। বিরতিতে ড্রেসিংরুমে ফেরার সময় নিজ দলের খেলোয়াড়দের উদ্দেশে দুয়ো ধ্বনি দেন গ্যালারির দর্শকরা।

এ বছর চালু হওয়া ২৬ হাজার ৭০০ আসনের নু স্টেডিয়ামে এটি মায়ামির আরেকটি হতাশাজনক রাত। গত এপ্রিলে প্রথম ম্যাচ খেলার পর থেকে এই ভেন্যুতে ১৭টি রেগুলার সিজন ম্যাচ খেলে মাত্র ছয়টিতে জিতেছে তারা, আর শনিবার প্রথমবার নিজেদের মাঠে গোলশূন্য থাকতে হলো। আগামী শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে ওহাইওর কলাম্বাসে যাবে মায়ামি। ওই ম্যাচে হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে তাদের, আর জিতলে ১-১ সমতায় ফিরে তৃতীয় ও নির্ণায়ক ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।

হারের রাতে কিছুটা সান্ত্বনা ছিল ম্যাচের আগেই। কিকঅফের আগে মেসির হাতে গোল্ডেন বুট তুলে দেন মায়ামির সহ-মালিক জর্জ মাস। গত মৌসুমেও পুরস্কারটি জেতা মেসি এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুম লিগের সর্বোচ্চ গোলদাতা হলেন। রেগুলার সিজনে ২৬ গোলের পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ ১৭টি অ্যাসিস্ট করেছেন তিনি। ষষ্ঠ খেলোয়াড় হিসেবে একাধিক গোল্ডেন বুট জেতা এই তারকার সামনে এবার টানা তৃতীয় এমএলএস এমভিপি পুরস্কার জয়ের হাতছানিও রয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত