১৫ বছর পর রিয়াল মাদ্রিদকে লজ্জায় ডুবালো ওসাসুনা
টানা জয়ে উড়তে থাকা রিয়াল মাদ্রিদ হঠাৎ খেই হারালো ছোট্ট দল ওসাসুনার কাছে। ২০১১ সালের পর কেটে গেছে আরও ১৫ বছর। এর মধ্যে কখনোই স্প্যানিশ লা লিগায় রিয়ালকে হারাতে পারেনি ওসাসুনা। কিন্তু শনিবার ঘরের মাঠে মাদ্রিদ জায়ান্টদের হারায় ২-১ ব্যবধানে।
এদিকে ওসাসুনার এই জয়ে শীর্ষস্থান হারানোর শংকায় পড়েছে রিয়াল মাদ্রিদ। আজ লেভান্তের বিপক্ষে জিতলেই রিয়ালকে টপকে যাবে বার্সেলোনা।
শনিবার থিবো কোর্তোয়ার ভুলে ৩৮ মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল। প্রতিপক্ষের আক্রমণ রুখতে গিয়ে আন্তে বুদিমিরকে ফাউল করে বসেন বেলজিয়ান গোলরক্ষক। পেনাল্টি দেন রেফারি। নিজেই স্পট কিক নিয়ে গোলটি করেন ক্রোয়াট ফরোয়ার্ড। বিরতির ঠিক আগে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ হারায় অতিথি দল।
অহেলিয়া চুয়ামেনির শট ক্রসবার ঘেঁষে জালে ঢোকার আগে ঝাঁপিয়ে এক হাত দিয়ে বল বাইরে পাঠান গোলরক্ষক সের্জিও এররেরা। দ্বিতীয়ার্ধের শুরুতেও রিয়ালের আক্রমণে চেনা ধার ছিলো না। তবুও ৫৫ মিনিটে গোল পেতে পারতো তারা। কিন্তু ডি-বক্সের বাইরে থেকে আর্দা গিলেরের শট ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়।
৭০ মিনিটে কিলিয়ান এমবাপে জালে বল পাঠালেও নিজেই ছিলেন অফসাইডে। তিন মিনিট পর কাঙ্ক্ষিত গোল পায় রিয়াল। বাঁ-দিক থেকে ফেদে ভালভের্দের বাড়ানো পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ভিনিসিউস। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান গড়ে দেন ওসাসুনার রাউল গার্সিয়া।
লিগে টানা আট জয়ের পর এই হারে রিয়াল ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও এক ম্যাচ কম খেলা বার্সার সঙ্গে তাদের ব্যবধান কমে হয়েছে দুই পয়েন্ট।
বিভি/এজেড



মন্তব্য করুন: